‘মায়াবতী’তেও মুগ্ধতা ছড়াচ্ছেন তিশা

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২, ০১:০৩ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী নূসরাত ইমরোজ তিশা অভিনীত অরুণ চৌধুরী রচিত ও পরিচালিত ‘মায়াবতী’ সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর।

সিনেমাটি মুক্তির প্রায় দুবছর পর ২০২১ সালের মার্চ মাসে ইউটিউবে প্রকাশিত হয় ‘মায়াবতী’ সিনেমাটি। ইউটিউবে প্রকাশের পর আগ্রহী দর্শক সিনেমাটি প্রতিনিয়তই উপভোগ করছেন। এরই মধ্যে ইউটিউবে সিনেমাটি এখন পর্যন্ত উপভোগ করেছেন ১২ লাখেরও বেশি ভিউয়ার্স।

এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। দুজনের অনবদ্য অভিনয়ের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদ, আফরোজা বানু, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিশা। তার অভিনয়ে দর্শক মুগ্ধ হচ্ছেন এখনো। 

রিপ্পি নামের একজন দর্শক সিনেমাটি দেখার পর তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিখেছেন, ‘মায়াবতীর মায়ার প্রেমে পড়ে গেলাম’।

আরেকজন লিখেছেন, ‘তিশা বরাবরই তার প্রত্যেকটি কাজে একজন মেধাবী শিল্পীর স্বাক্ষর রাখেন। নিখুঁত, অনিন্দ্য অভিনয়’।

জান্নাতুল মাহবুবা লিখেছেন, ‘শেষদিকে চোখ দিয়ে পানি চলে এলো। অসাধারণ, তিশা আপু মানেই অসাধারণ’। শাহীন আলম

নামের এক দর্শক লিখেছেন, ‘পরিচালক অরুণ চৌধুরী অবশ্যই প্রশংসার দাবিদার। ধন্যবাদ তাকে এত সুন্দর করে সমাজের নিম্ন শ্রেণির মানুষের প্রতি উচ্চবিত্তদের শোষণ ও শাসনের চিত্র তুলে ধরার জন্য’।

তপতী রায় লিখেছেন, ‘দারুণ সুন্দর অচেনা মানুষের জীবনের ঘটনা এভাবে জানুক চেনা মানুষ। সিনেমার মাধ্যমে সমাজে শিক্ষা বিস্তার করে।  অভিনয়ের জন্য তিশাকে অনেক অনেক আশীর্বাদ জানাই এবং সবার জন্য অভিনন্দন’।

জয় লিখেছেন, ‘বাংলাদেশে এমন মুভি হবে ভাবতে পারিনি। শাবানা-ববিতা, তারপর শাবনুরের মতো তিশা আপু অভিনয় জাস্ট দারুণ এবং ইয়াশ ভাই আর বাকি কলাকুশলীর কথা কী বলব, এক কথায় অসাধারণ’।

সাজ্জাদ পিয়াস লিখেছেন, ‘তিশা ছাড়া কল্পনা করা যায় না এমন অসাধারণ চলচ্চিত্র।’ মূলকথা ইউটিউবে সিনেমাটি প্রকাশের পর দর্শক ঘুরে ফিরে তিশার অভিনয়েরই সবচেয়ে বেশি প্রশংসা করছেন। তিশা অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’,‘ অস্তিত্ব’, ‘মেন্টাল’,‘ ডুব’,‘ হালদা’ ইত্যাদি।

আটকে আছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবারের বিকেল’ সিনেমাটি। ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অনন্য মামুনের ‘অস্তিত্ব’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিশা।