দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা ছড়িয়ে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে শুরু হয়েছে এক ভয়াবহ সামরিক সংঘাত। গত কয়েকদিন ধরে চলা বিচ্ছিন্ন উত্তজনা গত বৃহস্পতিবার রাতে রূপ নিয়েছে সরাসরি যুদ্ধে। পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন গজব লিল-হক’ নামে আফগানিস্তানের অভ্যন্তরে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে এখন বারুদ আর গোলার শব্দের ঘনঘটা। গতকাল শুক্রবার দিনভর চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পক্ষই একে অপরের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে।
পাকিস্তানের দাবি: ২১৮ যোদ্ধা নিহত ও চৌকি দখল।
গতকাল শুক্রবার বিকেলে পাকিস্তান সামরিক বাহিনীর একজন মুখপাত্রের দেয়া তথ্যমতে, ‘অপারেশন গজব লিল-হক’ অভিযানে এ পর্যন্ত আফগান তালেবানের ২৭৪ জন যোদ্ধা নিহত হয়েছেন। আল-জাজিরার বরাত দিয়ে জানানো হয়েছে, এই সংঘর্ষে অন্তত ৩১৪ জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, তারা তালেবানের ৭৪টি সামরিক চৌকি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং ১৮টি কৌশলগত গুরুত্বপূর্ণ চৌকি নিজেদের দখলে নিয়েছে।
এর আগে সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছিলেন, নিহতের সংখ্যা ১৩৩। তবে বিকেলের দিকে সামরিক মুখপাত্রের পরিসংখ্যানে সেই সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যায়। ইসলামাবাদ দাবি করেছে, দুই পক্ষের গোলাগুলিতে এ পর্যন্ত ২৭ জন পাকিস্তানি নাগরিক বা সেনা আহতহয়েছেন। আফগানিস্তানের পাল্টা দাবি ও বিমান হামলার ক্ষত
পাকিস্তানের দেওয়া বিশাল হতাহতের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। তাদের দেওয়া তথ্যমতে, মাত্র ৮ জন যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছেন।
এদিকে, আফগানিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘আফগানিস্তান ন্যাশনাল টিভি’ জানিয়েছে, পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় এক নারী ও দুই স্কুল শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। আবাসিক এলাকায় চালানো এই বোমা হামলায় আরও সাতজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বিবিসির প্রতিবেদনেও এই হতাহতের বিষয়টি গুরুত্বের সাথে স্থান পেয়েছে, যদিও তারা নিরপেক্ষভাবে তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘আফগানরা সাহসের সঙ্গে এই আগ্রাসনের জবাব দেবে।‘
‘হাত গলা পর্যন্ত পৌঁছাতে পারে’: তালেবান মুখপাত্রের হুঙ্কার
আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, পাকিস্তান সীমান্তে যুদ্ধ থামাতে ‘বারবার’ যুদ্ধবিরতির অনুরোধ জানাচ্ছিল। তিনি বলেন, ‘আমরা সংলাপের মাধ্যমে সমাধান চাই, কিন্তু পাকিস্তান হামলা চালিয়ে গেলে আমাদের কঠোর জবাব দেওয়ার সামর্থ্য আছে।’ মুজাহিদ আরও দাবি করেন, তালেবান বাহিনী পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা বার্তা দিয়েছি- আমাদের হাত তাদের গলা পর্যন্ত পৌঁছাতে পারে। ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ইস্যুটিকে পাকিস্তান তাদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকার ‘পূর্বপরিকল্পিত অজুহাত’ হিসেবে ব্যবহার করছে বলেও তিনি মন্তব্য করেন। একইসাথে ভারতের সাথে আফগানিস্তানের সুসম্পর্ককে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নয় বলেও তিনি সাফ জানিয়ে দেন।
পাকিস্তানের তিন শহরে ড্রোন হামলা
সীমান্তের লড়াই এবার পাকিস্তানের মূল ভূখণ্ডেও ছড়িয়ে পড়ছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, আফগানিস্তান থেকে পাঠানো ড্রোন দিয়ে পাকিস্তানের অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরা শহরে হামলা চালানো হয়েছে। যদিও পাকিস্তানি বাহিনী সেই ড্রোনগুলো ভূপাতিত করতে সক্ষম হয়েছে এবং কোনো প্রাণহানি ঘটেনি, তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামাবাদে চরম উত্তেজনা বিরাজ করছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া: মধ্যস্থতার চেষ্টা ও উদ্বেগ
আফগানিস্তান ও পাকিস্তানের এই ভয়াবহ সংঘাত এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক মহল থেকে নানামুখী তৎপরতা শুরু হয়েছে:
চীন: বন্ধু দেশ চীন উভয় পক্ষকে সংযত থাকার এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, তারা নিজস্ব মাধ্যম ব্যবহার করে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত।
রাশিয়া: ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে দুই দেশকে অবিলম্বে লড়াই বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
সৌদি আরব: পাকিস্তানের এই সংকটে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে বলে জানা গেছে। সৌদি আরব উত্তেজনা কমিয়ে শান্তি ফেরানোর ওপর জোর দিচ্ছে।
বর্তমান পরিস্থিতি: সীমান্তে চরম সতর্কতা
তোরখাম সীমান্তসহ বিভিন্ন পয়েন্টে এখন ভারী মর্টার আর মেশিনগানের গর্জন শোনা যাচ্ছে। পাকিস্তানের দাবি অনুযায়ী, তালেবানের হামলায় তাদের ৫৫ সেনা নিহতের কথা তালেবান প্রচার করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। সীমান্ত এলাকার গ্রামগুলো থেকে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেছে। পাকতিকার বিধ্বস্ত গ্রামগুলোতে ধ্বংসপ্রাপ্ত গাড়ি আর বোমার গর্তের পাশে শিশুদের বিষণ্ণ মুখ যেন যুদ্ধের ভয়াবহতারই প্রতিচ্ছবি।
‘অপারেশন গজব লিল-হক’ দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নেবে নাকি আন্তর্জাতিক চাপে দুই দেশ আলোচনার টেবিলে ফিরবে, তা এখন সময়ের অপেক্ষা। তবে আপাতত সীমান্তে বারুদের গন্ধ আর আকাশজুড়ে ড্রোনের আনাগোনা এক অনিশ্চিত ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে।
পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত দাবি পাকিস্তানের
আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর দেশটিতে বিমান হামলা চালাচ্ছে পাকিস্তান। এরমধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তাদের হামলায় আফগানিস্তানের ২২৮ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩১৪ জন।
এছাড়া তাদের হামলায় সীমান্তে আফগানিস্তানের ৭৪টি সীমান্ত চৌকি ধ্বংস হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সেনাবাহিনীর এ মুখপাত্র বলেছেন, তাদের সেনারা আরও ১৮টি সীমান্ত চৌকি দখল করেছে।
অবশ্য আফগান তালেবান সরকার জানিয়েছে পাকিস্তানের হামলায় এখন পর্যন্ত তাদের আট সেনা নিহত হয়েছেন এবং ১১ জন আহত হয়েছেন।
সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক কামাল হায়দার পাকিস্তানের পেশোয়ার থেকে জানিয়েছেন, গতকাল শুক্রবার দুপুরের পরও সীমান্তে ব্যাপক সংঘর্ষ হচ্ছিল। পাকিস্তান একদিক থেকে বিমান হামলা চালাচ্ছে। অপরদিকে আফগানিস্তানের ভেতর থেকেও হামলা হচ্ছে। তিনি বলেছেন, দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার তথ্য জানা যাচ্ছে।
পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে উল্লেখ করে আলজাজিরার এ সাংবাদিক বলেছেন, পাকিস্তান পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সূত্র: আলজাজিরা
আগ্রাসী শক্তিকে চূর্ণ করার সক্ষমতা ইসলামাবাদের রয়েছে: পাকিস্তান প্রধানমন্ত্রী
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসী শক্তিকে চূর্ণ করার সক্ষমতা ইসলামাবাদের রয়েছে।
গতকাল শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি আফগানিস্তানের কঠোর সমালোচনা করেন। পাকিস্তান সরকারের এক্স (সাবেক টুইটার) পেজে প্রকাশিত বার্তায় শাহবাজ শরিফ বলেন, দেশের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসী পরিকল্পনা প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত। পাকিস্তানের জনগণ সেনাবাহিনীর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।
প্রধানমন্ত্রীর এই বক্তব্য আসে এমন সময়ে, যখন পাকিস্তানের যুদ্ধবিমান কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন শহরে বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পর।
এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে ‘খোলা যুদ্ধ’ শুরুর ঘোষণা দেন। তিনি লেখেন, ‘আমাদের ধৈর্যের সীমা শেষ। এখন এটি তোমাদের এবং আমাদের মধ্যে প্রকাশ্য যুদ্ধ।’ দুই দেশের মধ্যে সামপ্রতিক এই পাল্টাপাল্টি বক্তব্য ও সামরিক তৎপরতায় সীমান্ত পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তান ও আফগানিস্তানকে সংলাপে বসার আহ্বান জাতিসংঘের : ভয়াবহ সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সীমান্তে পাকিস্তানের সামরিক স্থাপনা লক্ষ্য করে তালেবান সেনারা হামলা চালিয়েছে। জবাবে তালেবানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে গতকাল শুক্রবার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে উভয়পক্ষের অন্তত ১৮০ জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। চলমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক আলাদা প্রতিক্রিয়া জানিয়েছেন। বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, গুতেরেস উভয় দেশকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতাগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে তিনি আন্তর্জাতিক মানবিক আইনের ওপর গুরুত্বারোপ করেছেন।
আফগানিস্তানে পাকিস্তানের হামলার নিন্দা ভারতের : আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল শুক্রবার বলেছেন, ‘আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানায় ভারত। মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, পবিত্র রমজান মাসে পাকিস্তানের চালানো বিমান হামলায় অনেক বেসামারিক মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে নারী ও শিশুও আছেন। আফগানিনস্তানের ভৌগলিক অখণ্ডতার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেছেন, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা অন্য দেশের ওপর চাপিয়ে দেয় পাকিস্তান। আফগানিস্তানের ওপর বিমান হামলা এমনই আরেকটি প্রচেস্টা। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করছে।
এদিকে গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন জায়গায় পাক সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় আফগান সেনারা। এর জবাবে পাকিস্তান দেশটি রাজধানী কাবুলসহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে। গতকাল শুক্রবারও হামলা অব্যাহত আছে। সূত্র: আলজাজিরা
যুদ্ধবিরতির আহ্বান চীন ও রাশিয়ার : পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত বন্ধে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। সহিংসতা সীমান্ত ছাড়িয়ে বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশ দুটি।
বার্তা সংস্থা এএফপি জানায়, পাকিস্তান গতকাল শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক বড় শহরে বোমা হামলা চালানোর পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত ব্রিফিংয়ে বলেন, পরিস্থিতির অবনতিতে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। তিনি বলেন, ‘চীন সংঘাতের উত্তেজনা বৃদ্ধিতে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা উভয়পক্ষকে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি নিশ্চিত করে আরও রক্তপাত এড়ানো উচিত।
মাও নিং আরও বলেন, চীন নিজস্ব কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দীর্ঘদিন ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার বিরোধ নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং উত্তেজনা প্রশমনে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে।
এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তান ও আফগানিস্তানে অবস্থিত চীনা দূতাবাসগুলো সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।
অন্যদিকে, রাশিয়াও দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা আরআইএয়ের খবরে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান ও আফগানিস্তানকে অবিলম্বে সীমান্তবর্তী হামলা বন্ধ করে কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে।
তুরস্কের সঙ্গে আলোচনায় পাকিস্তান : আফগানিস্তানের সঙ্গে সামপ্রতিক উত্তেজনা নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের পক্ষ থেকে এক্সে পোস্ট করে এ কথা জানানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসহাক দার ফোনালাপের সময় হাকান ফিদানকে জানিয়েছেন যে, পাকিস্তানি বাহিনী ‘বিনা উসকানিতে আফগান আগ্রাসনের’ জবাব দিয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুই নেতা ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন এবং ক্রমবর্ধমান উন্নয়নের বিষয়ে সম্মত হয়েছেন।
এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশারফ জাফরি জানান, পাকিস্তান ২৭টি আফগান তালেবান শিবির ধ্বংস করেছে। ৮০টির বেশি কামান ধ্বংস করেছে, নয়জন তালেবান সেনাকে আটক করা হয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ জানান, বৃহস্পতিবার সীমান্ত অঞ্চলে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। তিনি বলেন, রোববারের হামলার জবাবেই এ আক্রমণ।
পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব ইরানের : পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ‘সংলাপ সহজ’ করার উদ্দেশ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ বার্তা দিয়েছেন। পাকিস্তান ও আফগানিস্তানকে ‘ভালো প্রতিবেশীর মতো সম্পর্ক রাখতে এবং সংলাপের মাধ্যমে মতপার্থক্য মেটানোর’ আহ্বান জানিয়েছেন তিনি। এর আগেও যখন দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বাড়ছিল, সেই সময়ও একই প্রস্তাব দিয়েছিল ইরান।