রাজধানীর শাহবাগ, খিলগাঁও, যাত্রাবাড়ী, আশুলিয়া, কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোরাকারবারি চক্রের প্রধানসহ ২৫ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। গতকাল সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চক্রের প্রধান মো. রবি (৪৮) নামেরএক ব্যক্তি রয়েছেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ৩৫৫টি চোরাই ও ছিনতাই হওয়া মুঠোফোন এবং ৫১টি চার্জার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সোহেল রানা (২৭), আবদুল মজিদ (২৬), মো. জুয়েল (২৮), আল আমিন (৩৮), সাগর হোসেন (২০), মো. ফাহিম (২০), মো. ইব্রাহিম (৩১), দেলোয়ার হোসেন (৩৯), রানা ইসলাম (২১), রানা চন্দ্রদাস (২৬), সালাউদ্দিন (৪০), মোশারফ হোসেন (২৫), মো. মানিক (২২), মো. সগির (২৮), পারভেজ হোসেন (২৮), সবুজ গাজী (৩৭), আরিফ হোসেন (২০), মুসা শেখ (২৮), সিদ্দিকুর রহমান (২৫), হাদীদ ইকবাল বাপ্পী(৩৫), শামীম রহমান রাহাত (২৮), ইসমাইল (৩৫), আলী ইসলাম (৫০) এবং মো. রাজু (২২)।
র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকরা মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছেন। বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা ধরা-ছোয়ার বাইরে থাকার উদ্দেশ্যে এসব মোবাইলফোন স্বল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব চোরাকারবারি চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
এআরএন