হাতিরঝিলে আনসার মোতায়েনের সিদ্ধান্ত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১২:২৪ পিএম

রাজধানীর হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২০ জুন) সকালে হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, হাতিরঝিলে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পক্ষ থেকে আনসার নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে হাতিরঝিলকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। পাশাপাশি এলাকা পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় হাতিরঝিলের আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধন নিয়েও কাজ করা হবে বলে জানান রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

তিনি বলেন, হাতিরঝিল পরিচ্ছন্নতা কাজ দ্রুত করতে হবে। এজন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। দরকার হলে আরও লোকবল নিয়ে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।

রাজউক চেয়ারম্যান আরও জানান, হাতিরঝিলে সুয়ারেজ লাইন ও ভাসমান ময়লা যাতে না থাকে, সে বিষয়েও কার্যক্রম চলমান রয়েছে।

এম জি