চিড়িয়াখানা ছেড়ে সাভারে গেল আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০১:০৯ পিএম

মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো মহিষটিকে গবেষণার জন্য সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ২১ জুন আনুষ্ঠানিকভাবে মহিষটিকে হস্তান্তর করা হয়। বর্তমানে প্রাণীটিকে সেখানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মহিষটির স্বাস্থ্য পর্যবেক্ষণ ও গবেষণার জন্য বিএলআরআই-এর মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গৌতম কুমার দেব জানান, চিড়িয়াখানা থেকে আনায় মহিষটিকে ১৪ থেকে ২১ দিন পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়ে তার রোগমুক্ত অবস্থা ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা হবে। কোয়ারেন্টাইন শেষে সেটিকে গবেষণার কাজে অন্তর্ভুক্ত করা হবে।

এর আগে কোরবানির ঈদের আগে মহিষটি নারায়ণগঞ্জের ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ ছিল। এর ব্যতিক্রমী ঘন লোম ও আকর্ষণীয় চেহারার কারণে খামার মালিকের ভাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে এর নামকরণ করেন। পরবর্তীতে দেশ-বিদেশের সংবাদমাধ্যমে মহিষটি ব্যাপক সাড়া ফেলে।

পরে খামার মালিক এটি কেরানীগঞ্জের বাসিন্দা মনিরুজ্জামানের কাছে বিক্রি করেন। তবে ঈদের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ মহিষটিকে উদ্ধার করে প্রথমে থানায় এবং পরে মিরপুর চিড়িয়াখানায় পাঠায়। সেখান থেকে সর্বশেষ এটি গবেষণার জন্য বিএলআরআই-এ ঠাঁই পেল।

জেএইচআর