তিস্তার পানি কমে বিপৎসীমার নিচে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ১২:০০ পিএম

টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কমে নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলে নতুন করে প্লাবনের আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ০৫ মিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে। এ পয়েন্টে বিপৎসীমা নির্ধারিত রয়েছে ৫২ দশমিক ১৫ মিটার।

এর আগে বৃহস্পতিবার রাতে নদীর পানি বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করে। একই সঙ্গে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাতেও পানি প্রবেশ করে।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, বৃহস্পতিবার রাতে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চলে পানি ঢুকেছিল। তবে শুক্রবার সকালে পানি কমতে শুরু করায় প্লাবিত এলাকার পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সকাল ৯টার হিসাবে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী সময়ে পানির স্তর আরও কমতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এম জি