ঢাকা মহানগরীতে অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিভিন্ন অভিযানে আলোচিত কামরাঙ্গীরচরের ডাকাতি মামলার মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মাদক উদ্ধার, ছিনতাই প্রতিরোধ, পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার, ট্রাফিক আইন প্রয়োগ এবং বিভিন্ন অপরাধে মোট ৩৮৭ জনকে আটক করা হয়েছে।
সম্প্রতি কামরাঙ্গীরচরের মাহদীনগর এলাকায় সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে জানা গেছে, ভুক্তভোগী পরিবারের পরিচিত এবং একই ভবনের বাসিন্দা এক গৃহবধূ পুরো ডাকাতির পরিকল্পনা করেন এবং অপরাধীদের সহযোগিতা করেন।
গত ১৮ জুলাই সন্ধ্যা ৭টা ২৫ মিনিট থেকে ৭টা ৫০ মিনিটের মধ্যে রক্সি গলি সংলগ্ন একটি ১০ তলা ভবনের একটি ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। বাসা ভাড়া নেওয়ার কথা বলে পাঁচ সদস্যের একটি দল ফ্ল্যাটে প্রবেশ করে। পরে সেখানে থাকা তিন নারীকে মারধর করে হাত-পা বেঁধে নগদ প্রায় ২০ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার এবং চারটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই কামরাঙ্গীরচর থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। বুধবার গভীর রাতে মুসলিমবাগ এলাকা থেকে প্রথমে মো. সজীব আলম (২৯) এবং পরে মো. রিপন মিয়া (৪২)কে গ্রেপ্তার করা হয়। রিপনের বাসা থেকে লুণ্ঠিত এক লাখ টাকা উদ্ধার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী চাঁদ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে মো. ফারুক খান (৫০)কে আটক করা হয়। তার ভাড়া বাসা থেকে আরও এক লাখ টাকা এবং ডাকাতির সময় লুট হওয়া সব স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে উঠে আসে মূল পরিকল্পনাকারী জিয়াসমিন ওরফে জেসমিনের (৩৭) নাম। তিনি ভুক্তভোগীদের ভবনের সপ্তম তলায় থাকতেন এবং পরিবারের সঙ্গে সুসম্পর্কের সুযোগ নিয়ে বাসায় বিপুল পরিমাণ নগদ অর্থ থাকার তথ্য সংগ্রহ করেন। ঘটনার দিন তিনি নিজেই ডাকাতদের ভবনে প্রবেশ ও বেরিয়ে যেতে সহায়তা করেন। সন্দেহ এড়াতে ডাকাতির পর ভুক্তভোগীদের বাসায় গিয়ে সমবেদনা জানান এবং মামলার সাক্ষী হিসেবেও নিজের নাম অন্তর্ভুক্ত করেন।
এ ঘটনায় উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে দুই লাখ ২০ হাজার টাকা এবং এক জোড়া দুল, এক জোড়া বালা, একটি ব্রেসলেট, এক জোড়া চুড়ি, এক জোড়া ঝুমকা ও এক জোড়া পাশাসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার। পুলিশ জানিয়েছে, ঘটনায় মোট আটজন জড়িত। চারজন গ্রেপ্তার হলেও অন্যদের ধরতে অভিযান চলছে।
রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় ট্রাফিক পুলিশের অভিযানে একটি প্রাইভেটকার থেকে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে ট্রাফিক যাত্রাবাড়ী জোনের সদস্যরা সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক সেটি উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। ধাওয়া দিলে চালকসহ তিনজন চলন্ত গাড়ি ফেলে পালিয়ে যায়।
পরে যাত্রাবাড়ী থানা পুলিশ ও ট্রাফিক সদস্যরা গাড়িটি তল্লাশি করে ১৯৯ বোতল ফেনসিডিল, দুটি মোবাইল ফোন এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেন। পলাতকদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে পরিচালিত অভিযানে একদিনে ২ হাজার ৭১৯টি মামলা করা হয়েছে। ফিটনেসবিহীন ও বিভিন্ন নিয়ম লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। ডিএমপি জানিয়েছে, দুর্ঘটনা ও যানজট কমাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
কারওয়ান বাজার এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান নেওয়া পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেন্ট্রাল টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (CTTC) ইউনিট।
মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে তেজগাঁও থানার আওতাধীন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়হান (২০), মো. নূর আলম (২৫), মো. হৃদয় (২৬), মো. মেহেদী হাসান (৩৮) এবং মো. জুয়েল (৩০)কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপির নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোট ৩৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৫টি মামলা দায়ের করা হয়।
বিভাগভিত্তিক গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুরে ৯৩ জন, মতিঝিলে ৪৯ জন, ওয়ারীতে ৪৯ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গুলশানে ৩৪ জন, রমনায় ৩১ জন, লালবাগে ২৬ জন এবং গোয়েন্দা (DB) বিভাগে আটজন রয়েছেন।
অভিযানে উদ্ধার করা হয়েছে ১১ হাজার ৮৫০ পিস ইয়াবা, ৪৭ কেজি গাঁজা, চারটি মোবাইল ফোন, ১০ বস্তা ক্ষতিকর পলিথিন, একটি ইঞ্জিনচালিত ভ্যান এবং মাদক বিক্রির ১০ হাজার টাকা।
বাড্ডা থানার আফতাবনগর বাঘাপুর এলাকা থেকে সাথী আক্তার শান্তনা (১৩) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত ২১ জুলাই সকাল ৭টার দিকে বাসার নিচ থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
মিরপুর মডেল থানা ভবনের পেছনের ঝোপঝাড় থেকে একটি পরিত্যক্ত জং ধরা চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে উদ্ধার হওয়া অস্ত্রটির বাট নম্বর ২১৩৬। অস্ত্রটি সেখানে কীভাবে এলো এবং কারা ফেলে গেছে, তা তদন্ত করছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে থানা পুলিশ, ট্রাফিক বিভাগ এবং সিটিটিসি এর সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষের সচেতন সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ।
এম জি