রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক দিনে ১ হাজার ৭৪৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫০৪টি যানবাহন ডাম্পিং এবং ২৬৫টি যানবাহন রেকার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে ৮৬টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪৩টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯৫টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৮৭টি মামলা করা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১২টি, ট্রাফিক-মিরপুর বিভাগে সর্বোচ্চ ৩৮২টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫০টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১৮৯টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের আওতায় বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, রাজধানীর সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
এম জি