কিশোরগঞ্জের পাগলা মসজিদের অনলাইন ডোনেশন ওয়েবসাইট উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৬:১৯ পিএম

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের অনলাইন ডোনেশন ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় মসজিদ প্রাঙ্গণে ওয়েবসাইটের উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান।

এখন থেকে ঘরে বসেই দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অনলাইনে নিরাপদভাবে দান করতে পারবেন। এ লক্ষ্যেই চালু করা হয়েছে ‘পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স’-এর অনলাইন ডোনেশন ওয়েবসাইট: www.paglamosque.org

জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে পাগলা মসজিদের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। অনেকে দান করতে চাইলেও নিরাপদ ও নির্ভরযোগ্য মাধ্যমের অভাবে করতে পারছিলেন না। সে বিষয়টি মাথায় রেখেই এই অনলাইন ডোনেশন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যাতে মানুষ ঘরে বসেই প্রতারিত না হয়ে নিরাপদে দান করতে পারেন।”

তিনি আরও জানান, ওয়েবসাইটটির মাধ্যমে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে সহজেই দান করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, পাগলা মসজিদের খতিব হাফেজ মাওলানা আশরাফ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক ইকরাম হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেশের অন্যতম বৃহৎ ও জনআস্থাভাজন এই মসজিদে প্রতিবছর বিপুল পরিমাণ দান সংগ্রহ হয়, যা সমাজসেবা, দুঃস্থদের সহায়তা ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে ব্যয় করা হয়।

ইএইচ