ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির মালিকরা রোববার ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করেছেন।
মানববন্ধন শেষে তারা বৈষম্য নিরসন ও ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে হাজী মো. শহিদুল ইসলাম, ওবায়দুল ইসলাম পাটোয়ারী, ফরিদ উদ্দিন মিয়া, জালাল উদ্দীন ও আবু জাফর।
তারা অভিযোগ করেন, ৭ ও ৮ ধারা অনুযায়ী নোটিশ পাওয়ার পরও তাদের মতামত জানার সুযোগ দেওয়া হয়নি। ফলে ন্যায্যমূল্য নির্ধারণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা পুনঃতদন্তের মাধ্যমে জমির মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল জানিয়েছেন, জমির মালিকদের দাবী ধৈর্য্যের সঙ্গে শোনা হবে এবং তা যথাস্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, প্রকল্প শুরুর পর থেকে ক্ষতিগ্রস্থ জমির মালিকরা তাদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
তারা সতর্ক করেছেন, ৮ ধারা পুনঃমূল্যায়ন ও জমির বর্তমান মূল্য নির্ধারণ না হলে হরতাল, সড়ক অবরোধ এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
ইএইচ