কৃতি শিক্ষার্থীদের রাঙামাটিতে জেলা ছাত্রশিবিরের সংবর্ধনা

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৪:১৯ পিএম

রাঙামাটিতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার সকালে শহরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার তিন শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ তানভীর আরিফ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা আমীর আব্দুল আলীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিবিরের প্রচার সম্পাদক জালাল উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল মেধাবী হওয়াই যথেষ্ট নয়; প্রত্যেক শিক্ষার্থীকে আদর্শবান ও সৎ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। তারা আরও বলেন, “আমরা আগে এত গরিব ছিলাম না। ইংরেজরা জাতি, ধর্ম ও ভাষার মধ্যে বিভাজন সৃষ্টি করায় আমরা পিছিয়ে পড়েছি। একসময় বিশ্বের দরবারে আমাদের যে গৌরব ছিল, তা আবার ফিরিয়ে আনতে হবে। এই দেশে কোনো কিছুর অভাব নেই। ভেতরের বিভাজন ভুলে একসঙ্গে কাজ করলে হারানো গৌরব পুনরায় ফিরে আসবে।”

অনুষ্ঠানে কাপ্তাই, বাঘাইছড়ি, লংগদু ও রাঙামাটি জেলা শহর থেকে এ বছর জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ইএইচ