পাহাড় ধসে ঘর হারানো বৃদ্ধকে নতুন ঘর দিল সেনাবাহিনী

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৩:১৭ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড় ধসে বসতঘর হারানো বৃদ্ধ কচাকলা ত্রিপুরার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে তাকে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম তপ্ত মাস্টারপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে নতুন ঘরের চাবি ও মালিকানা হস্তান্তর করা হয়।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি, জি’র সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় ঘরটি নির্মাণ করা হয়। তার পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সুনি ত্রিপুরা, দয়া হেডম্যানপাড়ার হেডম্যান দ্বীনময় ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড় ধসে তপ্ত মাস্টারপাড়ার বাসিন্দা কচাকলা ত্রিপুরার মাটির তৈরি বসতঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। একমাত্র আশ্রয় হারিয়ে তিনি প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন।

বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে মাটিরাঙ্গা জোনের নজরে এলে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ক্ষতিগ্রস্ত বৃদ্ধের জন্য দ্রুত নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্বল্প সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ করে ঘরটি তার কাছে হস্তান্তর করা হয়।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত কচাকলা ত্রিপুরা বলেন, সব হারিয়ে যখন অসহায় হয়ে পড়েছিলাম, তখন সেনাবাহিনী আমার পাশে দাঁড়িয়েছে। এই সহযোগিতা আমার জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। আমি সারাজীবন এই সহযোগিতা মনে রাখব।

দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত বৃদ্ধের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, কার্বারি (পাড়া প্রধান) ও সাধারণ মানুষ। তাদের মতে, এ ধরনের কার্যক্রম পাহাড়ে সম্প্রীতি ও পারস্পরিক আস্থার বন্ধন আরও শক্তিশালী করবে।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি, জি বলেন, দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি যেকোনো মানবিক সংকটে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানুষের পাশে থাকে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কচাকলা ত্রিপুরাকে নতুন ঘর দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এম জি