নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে কেঁপে উঠেছে আশপাশের এলাকা। এতে ড্রেনের স্ল্যাব উল্টে গিয়ে সড়কের একাংশ ভেঙে পড়ে এবং ড্রেনের ময়লা পানি উঠে আসে। এ ঘটনায় নারী-পুরুষসহ তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা বউবাজার এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক হৃদয় জানান, “আমরা কয়েকজন বন্ধু মিলে পাশের একটি চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে দেখি বিস্ফোরণস্থলে ড্রেনের স্ল্যাবের ওপর থাকা নরুল ইসলাম ছিটকে সড়কে পড়ে যান। এ সময় পথচারী দুই নারীও আহত হন। পরে আমরা তিনজনকে চট্টগ্রাম রোড সুগন্ধা হাসপাতালে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসা নিয়ে দুই নারী বাড়ি চলে গেছেন, তবে নরুল ইসলামকে ভর্তি করা হয়েছে।”
স্থানীয় আরেক বাসিন্দা আনিস বলেন, “বিস্ফোরণে ড্রেনের স্ল্যাব অন্তত ৩-৪ ফুট ওপরে উঠে যায়। আশপাশের ভবনগুলোও কেঁপে ওঠে।”
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল জানান, “বিস্ফোরণের খবর পাওয়ার পর আমাদের লোকজন ঘটনাস্থলে যায়। প্রতি বছর টেন্ডারের মাধ্যমে ড্রেনগুলো পরিষ্কার করা হয়। তবে এ বছর এখনো পরিষ্কার করা হয়নি।”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।”
ইএইচ