নরসিংদীর রায়পুরার ছয়টি ইউনিয়নকে বেলাব ও শিবপুর উপজেলার সাথে যুক্ত করার প্রস্তাবকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পুরো রায়পুরা।
বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কয়েক শত মানুষ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।
এ সময় বিক্ষোভকারীরা “রায়পুরা ভাঙতে দিব না, আসন ভাগ হতে দিব না”—স্লোগানে মুখর করে তোলে মহাসড়ক।
বক্তারা বলেন, যেসব ইউনিয়নকে শিবপুর ও বেলাবের সাথে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে, সেগুলোর দূরত্ব রায়পুরার তুলনায় অনেক বেশি। ইতিহাস, ঐতিহ্য ও কৃতী ব্যক্তিত্বের গৌরবময় রায়পুরাকে ভাঙার ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা স্মরণ করিয়ে দেন, ১৯৮৩ সালে রায়পুরা ও মনোহরদী থেকে ইউনিয়ন কেটে বেলাব উপজেলা গঠন করা হয়েছিল। এবারও একইভাবে রায়পুরার অখণ্ডতা নষ্টের চেষ্টা চলছে। বক্তারা হুঁশিয়ারি দেন, রায়পুরা থেকে একটি ইউনিয়নও অন্যত্র নেওয়া হলে ঢাকা-সিলেট মহাসড়ক, রেলপথ ও নৌপথ অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন, “রায়পুরা থেকে একটি ইউনিয়নও এদিক-সেদিক করতে দেওয়া হবে না। আমরা এক ইঞ্চি মাটিও ছাড় দেব না।” সেই সাথে কুচক্রী মহলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রস্তুতি সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আউয়াল প্রধান, মরজাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তরিকুল ইসলাম শুক্কুর, ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক আহাম্মদ প্রধান ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর, উপজেলা মৎস্যদলের সভাপতি ফিরুজ আল মুজাহিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. অহিদুজ্জামানসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় সর্বস্তরের জনগণ।
জানা গেছে, সম্প্রতি নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনকে আলাদা সংসদীয় আসন ঘোষণার দাবি তোলে বেলাববাসী। এ নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে বেলাবের বাসিন্দা ইলিয়াস উদ্দিন প্রস্তাব দেন রায়পুরার মুছাপুর, মির্জাপুর, বেলাবো, রাধানগর, উত্তর বাখরনগর, ডৌকারচর ও মরজাল ইউনিয়নকে শিবপুরের সাথে যুক্ত করার। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে রায়পুরার সর্বস্তরের মানুষ। জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও ছাত্রসমাজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এর তীব্র প্রতিবাদ জানাতে থাকেন।
এর আগে বুধবার (২৭ আগস্ট) উপজেলা সদর, মুছাপুরের দৌলতকান্দি রেলওয়ে স্টেশন, মহেষপুর ও মরজালসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করে স্থানীয় জনগণ।
ইএইচ