নরসিংদীর লাইফ কেয়ার হাসপাতালে টনসিল অপারেশনের সময় রাহা মণি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের পাতিলবাড়ি রোডে অবস্থিত লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত রাহা মণি রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা উত্তরপাড়া এলাকার নিজামুল হক রয়েলের মেয়ে।
পরিবারের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
তারা জানান, এনেস্থেশিয়ার ইনজেকশন দেন ডা. সুদীপ্ত সাহা এবং টনসিল অপারেশন করেন ডা. তন্ময় কর। অপারেশনের পর বেডে নেওয়ার তিন ঘণ্টা পার হলেও শিশুটির জ্ঞান ফেরেনি। পরে তাকে পুনরায় অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং কিছুক্ষণ পর মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চিকিৎসক তন্ময় করসহ দুজনকে আটক করে।
পুলিশ জানায়, পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে দায়ী চিকিৎসকদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ