বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য, ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে। ক্ষমতায় না থেকেও তারা দেশে সম্প্রীতি রক্ষায় অবদান রেখেছে। মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তায় জামায়াতের কর্মীরা পাহারা দিয়েছেন এবং অমুসলিম নারী-পুরুষের ঘরবাড়ি ও জান-মালের নিরাপত্তায় তাদের ভূমিকা প্রশংসিত হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চরফ্যাশন পৌরসভা ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামী আয়োজিত পৃথক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যক্ষ মোস্তফা কামাল আরও বলেন, "জামায়াতের কোনো নেতা বা কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। আমাদের দুইজন মন্ত্রী ছিলেন, যারা দুর্নীতির ক্ষেত্রে চ্যালেঞ্জ দিয়েছিলেন, কিন্তু একটিও অভিযোগ প্রমাণিত হয়নি। জামায়াত ক্ষমতায় এলে রাষ্ট্রের কাছে প্রত্যেক নাগরিকের পাওনা ন্যায্যতার ভিত্তিতে বিতরণ করা হবে, ইনশাআল্লাহ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য জামায়াতে ইসলামী'র দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।"
সমাবেশে ৪ নং ওয়ার্ডের আমীর মাওলানা হাসনাইন আহমেদ এবং ৩ নং ওয়ার্ডের সভাপতি গোলাম সরোয়ার সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেন, সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাশেম এবং পৌরসভা আমীর অধ্যাপক মামুন আলম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান, মিডিয়া সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান এমরান প্রমুখ।
সঞ্চালনা করেন ৪ নং ওয়ার্ড সেক্রেটারি হাবিবুর রহমান ও ৩ নং ওয়ার্ড সেক্রেটারি হাফেজ মাওলানা মো. রাসেল। সমাবেশে সহস্রাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
ইএইচ