মায়ের অভিযোগে এক বছর পর কবর থেকে সন্তানের লাশ উত্তোলন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৮:০৫ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মায়ের অভিযোগের ভিত্তিতে এক বছর পর নয়ন (৮) নামে এক শিশুর লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার আদালতের নির্দেশে উপজেলার পাঁচপীর কবরস্থান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমানের উপস্থিতিতে শিশুটির লাশ উত্তোলন করা হয়। 

এ সময় লাশের বিভিন্ন অংশ সংগ্রহ করে নমুনা হিসেবে গ্রহণ করেন পিবিআই সদস্যরা।

অভিযোগ সূত্রে জানা যায়, জীবিকার জন্য পরিবার নিয়ে নারায়ণগঞ্জে যান নয়নের মা সুরাতুন। তবে স্বামী মুনিরুজ্জামানের সঙ্গে দীর্ঘ সংসার জীবনে কলহ শুরু হয়। প্রায়ই টাকার জন্য সুরাতুনের ওপর চাপ সৃষ্টি করতেন তিনি। ২০২৪ সালের ৯ আগস্ট টাকার জন্য সুরাতুনকে মারধরও করেন মুনিরুজ্জামান এবং হুমকি দেন, টাকা না দিলে স্ত্রী ও সন্তানকে হত্যা করবেন। ঘটনার তিন দিন পর ১৩ আগস্ট বিছানার নিচে রাখা ৪০ হাজার টাকা নিয়ে নয়নকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় নিহতের মা সুরাতুন নারায়ণগঞ্জের ফতুল্লার সুজন, নিহতের পিতাসহ মোট ৮ জনকে আসামি করে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে। 

এর পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে লাশ উত্তোলন, নমুনা সংগ্রহ এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা রাসায়নিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই-এর ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “আদালতের নির্দেশে আমরা লাশের নমুনা সংগ্রহ করেছি। এগুলো রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হবে। রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

ইএইচ