গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে টুঙ্গিপাড়া পৌরসভা।
মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে টুঙ্গিপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পৌরসভার উদ্যোগে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জহিরুল আলম।
অনুষ্ঠানে ইউএনও জহিরুল আলম ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের হাতে হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের খোঁজখবর নেন এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
ত্রাণ বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাটগাতি মুরগি বাজার এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীর দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদুল হক ইমদাদ ও পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর অতিবৃষ্টির সময় এ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাড়িঘর পানিতে তলিয়ে যায়। ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তারা দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান।
জেএইচআর