টেকনাফে ছুরিকাঘাতের ঘটনায় সুজন বিকাশ চাকমা (৩০) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার রাত সাড়ে ১০টার দিকে একজন টমটম চালক অজ্ঞাত স্থান থেকে সুজনকে মুমূর্ষ অবস্থায় টেকনাফ শাপলা চত্বর এলাকায় নিয়ে আসে। উপস্থিত লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টেকনাফ থানার উপপরিদর্শক মোর্শেদ আলম জানান, নিহতের বাড়ি রাঙ্গামাটির জুরাছড়ি এলাকায়। তিনি শনিবার থেকে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। রোববার পরিবারের পক্ষ থেকে জুরাছড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুজনকে অজ্ঞাত স্থানে ছুরিকাঘাতের পর ক্ষত স্থান সেলাইয়ের চেষ্টা করা হয়েছিল। অপরদিকে, মুমূর্ষ অবস্থায় তিনি জানিয়েছেন যে, ঘটনার সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিল। এই মৃত্যু রহস্যজনক পরিস্থিতি সৃষ্টি করেছে।
ইএইচ