হাতীবান্ধায় পুলিশের কাছ থেকে মাদক মামলার আসামি ছিনতাই

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৮:০২ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধায় ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ করে এক চিহ্নিত মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ভবানীপুর এলাকায় গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত হামিদুল ইসলামকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভবানীপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক কেনাবেচা ও চোরাচালানের সঙ্গে জড়িত। নিয়মিত অভিযানের অংশ হিসেবে হাতীবান্ধা থানার পুলিশের একটি দল শনিবার ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি হামিদুল ইসলামকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। তবে এ সময় তার স্বজনরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে স্থানীয় কতিপয় মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ফেলে।

একপর্যায়ে মব সৃষ্টি করে পুলিশের ওপর চড়াও হয়ে আটককৃতের হ্যান্ডকাফ খুলে তাকে ছাড়িয়ে নেওয়া হয়। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, মাদক সিন্ডিকেটের সদস্যরা এতটাই প্রভাবশালী যে, তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বা ভয় দেখিয়ে পুলিশের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল। আইনের চোখে ধুলো দিয়ে এভাবে আসামি ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার সময় উপস্থিত হাতীবান্ধা থানার এএসআই লুৎফর রহমান বলেন, আমি এবং আমার আরও তিনজন সহকর্মী মাদক মামলার ওই আসামিকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটানো হয়।

হাতীবান্ধা থানার ওসি রমজান আলী বলেন, অপরাধী যেই হোক না কেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। ছিনিয়ে নেওয়া মাদক মামলার এজাহারভুক্ত আসামিসহ অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

এএন