চট্টগ্রামের সাতকানিয়ার সদর ইউনিয়নের মাস্টারপাড়া ও ডাক্তারপাড়ায় নির্মাণাধীন দুটি ব্রিজে নিম্নমানের কাঁচামাল ব্যবহারের অভিযোগে উপজেলা প্রশাসন বুধবার নির্মাণ কাজ স্থগিত করেছে।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারী প্রতিষ্ঠান রড, সিমেন্ট, ইট, বালু ও পাথরসহ অন্যান্য উপকরণ ব্যবহার করছিল খুবই নিম্নমানের। স্থানীয়রা প্রথমে ঠিকাদারকে মৌখিকভাবে বিষয়টি জানালেও প্রতিকার না পেয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান সরেজমিন পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে কাজ বন্ধের নির্দেশ দেন।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “উপজেলা প্রশাসন কোনো অবস্থাতেই অনিয়ম বরদাশত করবে না। ইউনিয়ন বা ওয়ার্ডের যে কোনো স্থানে নিম্নমানের কাজের বিষয়ে প্রশাসনকে অবহিত করার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি। সরকারি দপ্তরের নাম ব্যবহার করে কেউ যাতে নিম্নমানের কাজ করতে না পারে, সে বিষয়ে সবাই সচেতন থাকবেন। কাজের কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না।”
ইএইচ