মাটিরাঙ্গায় ৩৮ হাজার ২৫৮ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৬:২৪ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত কর্মশালায় শিক্ষক, কমিউনিটি লিডার ও ধর্মীয় গুরুরা ব্যাচভিত্তিক অংশ নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।

এছাড়া উপস্থিত ছিলেন ডব্লিউএইচও প্রতিনিধি ডা. উৎপল চাকমা, আবাসিক মেডিকেল অফিসার মিল্টন ত্রিপুরা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অংহাপ্রু মারমা ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, ইপিআই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় মোট ৩৮ হাজার ২৫৮ শিশু এই টিকা পাবে। প্রথম ১০ দিন বিদ্যালয়ভিত্তিক ক্যাম্পে এবং পরবর্তী ৮ দিন টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম চলবে।

ডা. শোভন দত্ত বলেন, “টাইফয়েড শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ। তাই শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এ কর্মসূচি সফল করতে হবে।” কর্মশালায় অংশগ্রহণকারীদের টিকা সংরক্ষণ, প্রদান পদ্ধতি, অনলাইন রেজিস্ট্রেশন ও পার্শ্বপ্রতিক্রিয়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

উল্লেখ্য, টিকা গ্রহণের জন্য শিশুদের জন্মনিবন্ধনের ১৭-সংখ্যার নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করতে হবে। আগামী অক্টোবর থেকে দেশব্যাপী এ কর্মসূচি শুরু হবে।

 

ইএইচ