বরিশালে পিআইবি’র উদ্যোগে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ

বরিশাল ব্যুরো  প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০২:৫২ পিএম

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে বরিশালে শেষ হলো তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ’।

পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিক প্রশিক্ষণের উদ্বোধন করেন। 

গত তিন দিনে মোট ১৪টি সেশনে অভিজ্ঞ প্রশিক্ষক ও একাধিক রিসোর্স পারসন মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন। 

এর মধ্যে ছিল—মাল্টিমিডিয়া রিপোর্টিং তৈরি, স্টোরিবোর্ড নির্মাণ, পরিকল্পনা প্রণয়ন, মোজো (ডিভাইস ও টুলস) ব্যবহার, ইন্টারভিউ ফ্রেমিং, অডিও-ভিডিও শট নির্বাচন, ভিডিও শুটিং এবং সম্পাদনার মাধ্যমে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করার প্রক্রিয়া।

প্রশিক্ষণের বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান, ইউল্যাবের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি নাজিয়া আফরিন মনামি এবং পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বুধবার বিকেলে বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এ সময় বক্তব্য রাখেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, বরিশালের জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী ও মুক্তিযুদ্ধকালীন পত্রিকা দৈনিক বিপ্লবী বাংলাদেশ–এর সম্পাদক নুরুল আলম ফরিদ, দৈনিক ইনকিলাব-এর ব্যুরো প্রধান মো. নাছিম উল আলম এবং প্রেস ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন। প্রশিক্ষণে বরিশালের প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।

এর মধ্যে বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি ও আমার সংবাদ এবং ডেইলি পোস্ট পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরিফ হোসেন সনদ অর্জন করেন।

ইএইচ