শ্রমিকদের দাবি মেনে খুলছে উত্তরা ইপিজেড, শনিবার চালু হবে এভারগ্রীন

আল-আমিন, নীলফামারী প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৩:০৭ পিএম

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) টানা আন্দোলনের পর শ্রমিকদের ২৩ দফা দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে অন্যতম হলো অন্যায়ভাবে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল। 

ফলে দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে খুলছে ইপিজেডের সব কারখানা। তবে এভারগ্রীন কোম্পানির কার্যক্রম শুরু হবে শনিবার (৬ সেপ্টেম্বর) থেকে।

বুধবার রাত ৮টার দিকে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার বিষয়টি নিশ্চিত করেন। 

বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে বৈঠকে সমাধান হয়েছে। 

নিহত শ্রমিক হাবিবের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তিনি জানান, নিহতের পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট আবু মো. সোয়েম বলেন,“এভারগ্রিন কারখানার শ্রমিকদের দাবির বিষয়ে বেপজা কর্তৃপক্ষ একটি চুক্তি স্বাক্ষর করবে। চুক্তি অনুযায়ী কোনো শ্রমিককে অন্যায়ভাবে ছাঁটাই, বেতন কাটা বা চাপ প্রয়োগ করা যাবে না।”

জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম জানান,“দীর্ঘ সময়ের বৈঠকে সব দাবি খুঁটিনাটি বিশ্লেষণ করা হয়েছে। বেপজা কর্তৃপক্ষ ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দিয়েছে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইয়াসিন আলী বলেন,“শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।”

এনসিপি নেতা অ্যাডভোকেট নুর মোহাম্মদ বলেন,“শ্রমিকদের সব দাবি নিয়ে কথা বলেছি। এর প্রায় সবগুলোরই সমাধান হয়েছে।”

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট (শনিবার) এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরির শ্রমিকরা ২৩ দফা দাবি তুলে আন্দোলনে নামেন। পরে তা ইপিজেডের অন্যান্য কারখানায় ছড়িয়ে পড়ে। মঙ্গলবার আন্দোলন নিয়ন্ত্রণে যৌথবাহিনী পদক্ষেপ নিলে সংঘর্ষে এক শ্রমিক নিহত এবং অন্তত অর্ধশত আহত হন। ওই ঘটনার পর থেকে ইপিজেডের ২৪টি কারখানার কার্যক্রম বন্ধ ছিল।

ইএইচ