নেত্রকোণার কেন্দুয়ায় “ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (IWM)” কর্তৃক জেলার প্রধান নদীগুলোর সমন্বিত জলসম্পদ ব্যবস্থাপনার সম্ভাব্যতা শীর্ষক সমীক্ষার অধীনে কেন্দুয়া উপজেলার সমন্বিত পানি ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় কেন্দুয়া উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা ইউনুছ রহমান রনি, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, নেত্রকোণা পানি উন্নয়ন বিভাগের প্রকৌশলী জাকির হোসেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, পানি উন্নয়ন বিভাগের অন্যান্য কর্মকর্তা, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক, কৃষক এবং সুধীজনরা।
সভায় বক্তারা বলেন, দেশের কৃষি ও জনজীবন রক্ষায় পানি উন্নয়ন বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা স্থানীয় নদ-নদী, খাল-বিল ও পানি নিষ্কাশন ব্যবস্থার সংস্কার এবং টেকসই বাঁধ নির্মাণের বিষয়ে নানা প্রস্তাবনা উপস্থাপন করেন এবং স্থায়ী সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
অতিথিরা জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে পানি উন্নয়ন বিভাগের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
ইএইচ