মাটিরাঙ্গায় আধুনিক মেডিকেল সেন্টার উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৭:১৩ পিএম

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সাধারণ মানুষের স্বল্পমূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে মাটিরাঙ্গা মেডিকেল সেন্টার নামে একটি আধুনিক রোগনির্ণয় (ডায়াগনস্টিক) কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্নে দোয়া ও মাহফিলের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ফার্মাসিস্ট খলিলুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম বলেন, “স্বল্পমূল্যে নির্ভুল চিকিৎসার মাধ্যমে এই অঞ্চলের মানুষের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। মাটিরাঙ্গা মেডিকেল সেন্টার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সালাউদ্দিন বলেন, “আমাদের লক্ষ্য শুধুই উপার্জন নয়। স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা সেবা প্রদান করতে আমরা এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছি। উন্নত মানের যন্ত্রপাতির মাধ্যমে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আমরা চাই টাকার অভাবে কারও চিকিৎসা বন্ধ না হোক এবং মানুষের আস্থা অর্জন করতে পারি।”

উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোসলেম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, জামায়াত ইসলামী মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জলিল, বনশ্রী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, ঔষধ কোম্পানির প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইএইচ