টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার নবজাতকের জন্ম দিয়েছেন কালিহাতি উপজেলার সৌদি আরবপ্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী বিথী আক্তার (২১)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কুমুদিনী হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে ভর্তি হওয়ার পর নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি সন্তান প্রসব করেন। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তবে ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় চার নবজাতকই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
বিথীর বাবা বাদল মিয়া বলেন,“মেয়ের গর্ভাবস্থার খবর জানার পর আমরা সবাই তাকে বিশেষ যত্নে রেখেছিলাম। একাধিকবার আল্ট্রাসনোগ্রামে দেখা গিয়েছিল তিনটি বাচ্চা হবে। কিন্তু হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে চারটি সন্তান জন্মের খবর শুনে আমরা সবাই অবাক হয়ে যাই। তারপরও আমরা আনন্দিত। মেয়ের ও সন্তানদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”
পরিবারের অন্য সদস্যরা জানান, তারা খুব আনন্দিত এবং স্থানীয়রাও ঘটনাটিকে স্বাস্থ্যসেবার ইতিবাচক দিক হিসেবে দেখছেন।
কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমা আক্তার জানান,“বিথী আক্তার ২৯ সপ্তাহে ভর্তি হন। সাধারণত ৩৬ সপ্তাহে নরমাল ডেলিভারি হয়, কিন্তু তিনি আগেই চার নবজাতকের জন্ম দেন। প্রতিটি শিশুর ওজন প্রায় ১ কেজি। ওজন কম থাকায় তারা আশঙ্কাজনক অবস্থায় আছে। মা ও সন্তানদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।”
ইএইচ