“স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অঙ্গীকার” স্লোগানকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটিতে নেক্সেন ডায়মন্ড টিমের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে শহরের রাজবাড়ী এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অফিস উদ্বোধন করা হয়। নীল-সাদা বেলুনে সাজানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, উদ্যোক্তা, নারী নেতৃত্ব এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট পারভীন আক্তার। প্রধান অতিথি ছিলেন বিএম ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেকচারার রোকসানা পারভীন ও অ্যাডভোকেট গফুর বাদসা।
বক্তারা বলেন, এটি কেবল একটি অফিস নয়, বরং স্বপ্নপূরণের নতুন মাইলফলক। একসাথে কাজ করার মানসিকতা, সততা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতাকে সফলতার মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন তারা।
নেক্সেন ডায়মন্ড টিমের উদ্যোক্তারা জানান, রাঙামাটির তরুণ সমাজকে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও নেটওয়ার্ক গঠনের মাধ্যমে আত্মনির্ভরশীল করার পরিকল্পনা নিয়েই তাদের এই কার্যক্রম। স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোগ ও ব্যবসার সম্ভাবনা তৈরিতে এ অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
সভাপতি অ্যাডভোকেট পারভীন আক্তার বলেন, “আমাদের শক্তি হলো মানুষের আস্থা ও দোয়া। এ অফিস থেকেই গড়ে উঠবে সাফল্যের নতুন গল্প।”
প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, “রাঙামাটিতে এ ধরনের উদ্যোগ তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। শুধু ব্যবসায় নয়, সামাজিক দায়িত্ববোধ নিয়েও এগোতে হবে, তাহলেই টেকসই সাফল্য আসবে।”
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু হয়। দোয়া ও আশীর্বাদের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।
ইএইচ