প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় জেলাপ্রশাসনের আয়োজনে শহরের হ্যাপির মোড় থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলাপ্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালির পর জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
এতে উপস্থিত ছিলেন— স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভা প্রশাসক মো. মোবারক হোসেন পারভেজ, জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান, রানীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকসহ বিভিন্ন স্কুলের প্রধান ও শিক্ষার্থীরা।
জেলা প্রশাসক বলেন, “সাক্ষরতা ও উন্নয়ন একই সূত্রে গাঁথা। নিরক্ষরতা উন্নয়নের অন্তরায়। টেকসই সমাজ গঠনের জন্য যে জ্ঞান ও দক্ষতা প্রয়োজন, তা সাক্ষরতার মাধ্যমেই অর্জন করা সম্ভব।”
আলোচনা সভার শেষে ছাত্র ও ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইএইচ