ইছামতী নদীপাড়ের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে স্মারকলিপি প্রদান

সফিক ইসলাম, পাবনা প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৭:০৪ পিএম

পাবনার ইছামতী নদীর পাড়ের চারটি রেকর্ডধারী বৈধ বসতিদের জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান ধর্মঘট পালন করে। 

মিছিল আয়োজন করে ইছামতী নদী পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটি।

এ সময় বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন মান্নান মাষ্টার, মাসুদুর রহমান মিন্টুসহ ক্ষতিগ্রস্থ বৈধ বসতিগণ।

বক্তারা বলেন, “আমাদের পূর্বপুরুষরা নিয়ম মেনে খাজনা খারিজ দিয়ে জমি ব্যবহার করে আসছেন। চারটি রেকর্ড থাকা সত্ত্বেও নদী পাড়ের বৈধ বসতিদের অবৈধভাবে উচ্ছেদ করা হচ্ছে। আমরা আমাদের স্থাপনা ও জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি এবং সরকারের হস্তক্ষেপ কামনা করছি।”

পরিশেষে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের কাছে নদী পাড়ের বৈধ বাসিন্দারা একটি স্মারকলিপি প্রদান করেন।

ইএইচ