পটিয়ায় জিরি জনকল্যাণ সংঘের ত্রাণসামগ্রী প্রদান

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৯:৫৭ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় জিরি জনকল্যাণ সংঘের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ১৩০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে জিরি ফকিরা মসজিদসংলগ্ন সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে চাল, ডাল, তেল, দুধসহ বিভিন্ন ধরনের শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি নাছির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল সিকদার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের স্থায়ী পরিষদের সদস্যসচিব সামশুল হুদা চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ চৌধুরী, ক্রীড়া সম্পাদক মো. শাকেদুল হক শাকিল, প্রচার সম্পাদক মোরশেদ আলম, সহক্রীড়া সম্পাদক মো. আরমান, দপ্তর সম্পাদক মো. ইয়াকুব, সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আবেদীন এবং সদস্য মো. তানভীরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সামশুল হুদা চৌধুরী বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক পরিবার তাদের ঘরবাড়ি, ফসল ও জীবিকার উৎস হারিয়েছে। এই কঠিন সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে সবারই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত।

তিনি আরও বলেন, এই ত্রাণ কার্যক্রমের উদ্দেশ্য শুধু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ নয়, বরং ক্ষতিগ্রস্ত মানুষের মনে সাহস ও আশার সঞ্চার করা। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বস্তরের মানুষের প্রতি নিজ নিজ অবস্থান থেকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এর আগে প্রথম দফায় বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ২০০টি পরিবারের মাঝেও খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। ওই কর্মসূচির উদ্বোধন করেন জিরি জনকল্যাণ সংঘের সাবেক সভাপতি ও জিরি জনকল্যাণ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম।

এম জি