চিকিৎসকরা ঈশ্বরের কাজ করেন: রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৩:৩৬ পিএম

চিকিৎসকরা ঈশ্বরের কাজ করেন, কারণ তারা মানুষকে সেবা দিয়ে বাঁচিয়ে তোলেন—এ মন্তব্য করেছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন, “আপনারা যারা বিভিন্ন দুর্গম এলাকায় চাকরি করেন এবং মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখেন, আপনাদের অনেক ত্যাগ ও তিতিক্ষা স্বীকার করতে হয়। মনে রাখবেন, আপনারা মহান পেশায় নিয়োজিত রয়েছেন।”

বক্তব্যের পর অতিথিবৃন্দের সঙ্গে সিভিল সার্জন কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। এরপর তারা নবনির্মিত ভবন পরিদর্শন করেন।

রাঙামাটি সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সভাপতিত্বে এবং সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা খোকন চাকমার সঞ্চালনায় এ সময় বৈঠকে অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে, মেডিকেল অফিসার ডা. প্রতীক সেনসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা।

ইএইচ