সেনা প্রধানের আন্তরিকতায় দুর্গম দুই পাহাড়ী গ্রামে পৌঁছালো বিশুদ্ধ পানি

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১১:০২ পিএম

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে খাগড়াছড়ির দূর্গম পাহাড়ি জনপদ রেজামণি পাড়া ও কারিগরপাড়া এখন পেল বিশুদ্ধ খাবার পানি। দীর্ঘদিন এই দুই গ্রামে পানির অভাব ছিল, কিন্তু সেনা প্রধানের আন্তরিকতায় তাত্ক্ষণিকভাবে সমস্যার সমাধান সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ সৌর বিদ্যুতের মাধ্যমে টেকসই পানি প্রকল্পের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, পরিষদ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

২০২৫ সালের ২৯ মার্চ রেজামণি পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনের সময় সেনা প্রধান স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এই পানির সংকটের বিষয়ে অবহিত হন। এরপর তিনি দুর্গম দুই গ্রামে সৌর বিদ্যুতের মাধ্যমে টেকসই পানির ব্যবস্থা করার নির্দেশ দেন।

দীর্ঘকাল ধরে কারিগরপাড়া ও রেজামণি পাড়া গ্রামের ১২০ পরিবার বিভিন্ন কূপ ও ঝিরি থেকে পানি সংগ্রহ করত। নতুন ব্যবস্থার ফলে এখন তারা সরাসরি বাড়িতে বিশুদ্ধ পানি পাচ্ছেন। স্থানীয়রা সেনা প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই প্রকল্প সেই ধারাবাহিকতার অংশ। সেনা প্রধানের নির্দেশে আজ এই বিশুদ্ধ পানি ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। একে অপরের পরিপূরক হয়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানাই।”

ইএইচ