বরিশালে কৃষককে কুপিয়ে হত্যা

বরিশাল ব্যুরো প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:২১ এএম

দীর্ঘদিন ধরে চরের জমি নিয়ে বিরোধ চলছিলেন। তারই জের ধরে প্রতিপক্ষরা এক কৃষককে কুপিয়ে তার শরীর থেকে একটি হাত ও পা বিচ্ছিন্ন করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে বরিশাল জেলার মুলাদী উপজেলার সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর (কাঠেরপুল) এলাকায় ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার (ওসি) মো. সফিকুল ইসলাম ।

এঘটনায় আরো দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে জানান পুলিশ।

নিহত বাবুল ব্যাপারী (৫৫) দড়িচর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মৃত গহর আলী বেপারির ছেলে। আহত ভাতিজা আলীম ব্যাপারী ও ভাইয়ের স্ত্রী রেশমা বেগমকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে নিহত কৃষকের লাশটিও পুলিশ উদ্ধার কলে একই হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

এ বিষয়ে মুলাদী থানার (ওসি) সফিকুল ইসলাম বলেন, চরের শিকস্তি জমি নিয়ে স্থানীয় প্রতিপক্ষ করিম মল্লিকদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে করিম মল্লিক পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তারা পিটিয়ে ও কুপিয়ে বাবুল, আলীম ও রেশমাসহ কয়েকজনকে আহত করে। এদের মধ্যে বাবুল ব্যাপারী মারা গেছে। অপর দুইজনকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কৃষক বাবুল বেপারিকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় নিহতের পরিবার হত্যার মামলা করার কথা জানিয়েছেন।

জেএইচআর