মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অপসংবাদিকতা রোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সার্কিট হাউসের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে বলেন, সাংবাদিকতার মতো মহান ও গুরুত্বপূর্ণ পেশায় দায়িত্ব পালনকালে সততা ও নৈতিকতা থেকে বিচ্যুত হওয়া যাবে না। রাজনৈতিক ও অন্যান্য পরিচয়ের ঊর্ধ্বে থেকে কেবল সাংবাদিক পরিচয়ে নিরপেক্ষভাবে সংবাদ উপস্থাপন করতে হবে।
কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন এবং সেগুলো দূরীকরণে প্রেস কাউন্সিলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোছা. শাহীনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন।
রিসোর্স পার্সন হিসেবে প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর “বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব” বিষয়ে একটি সেশন পরিচালনা করেন।
কর্মশালায় মৌলভীবাজার জেলার মোট ৪৮ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে সকল অংশগ্রহণকারীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
ইএইচ