ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর লক্ষীদিয়া গ্রামে বজ্রপাতে মো. জামাল উদ্দিন (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
ঘটনাটি মঙ্গলবার দুপুর ২টার দিকে ঘটেছে।
স্থানীয়রা জানান, দুপুরে গরুর খাবারের জন্য বাড়ির পাশের বিলে ঘাস কাটতে যান জামাল উদ্দিন। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বাড়ি আনার পথে তার মৃত্যু হয়।
নিহত জামাল উদ্দিন ওই গ্রামের শিরু মিয়ার ছেলে। আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ জানান, “ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
ইএইচ