তানোরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৮, মালামালসহ দেশীয় অস্ত্র উদ্ধার

তানোর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৮:৩৪ পিএম

রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আলোচিত তানোরের মালশিরা গ্রামে সংঘটিত ডাকাতি মামলার রহস্য উন্মোচিত হয়েছে। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। 

গ্রেপ্তারদের মধ্যে মো. শুকুর আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ৫ সেপ্টেম্বর ভোরে তানোর উপজেলার মালশিরা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেমুল হোসেনের বাড়িতে ডাকাতরা হামলা চালায়। এ সময় স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা, ৪টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল লুণ্ঠন করা হয়।

পুলিশ সুপার ফারজানা ইসলামের নির্দেশে ওসি ডিবি মো. আরিফ আলীর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে। জয়পুরহাটের আক্কেলপুর থানার তিলকপুর রেলস্টেশন এলাকা থেকে ৭ জন ডাকাতকে এবং নওগাঁ সদর থানার ইদুর বটতলা এলাকা থেকে অপর সদস্য এখলাছ রহমান মিন্টুকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— শাহাদত হোসেন কলম (৩৩), শান্ত ইসলাম (২৬), বেলাল হোসেন (৩০), শুকুর আলী (৫২), শাকিল হোসেন (৪০), রানা হোসেন (২৪), রাসেল হোসেন (২২) ও এখলাছ রহমান মিন্টু (৪২)। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

আদালতে দেওয়া জবানবন্দিতে শুকুর আলী স্বীকার করেন, তারা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল লুট করে।

ডিবি পুলিশ জানায়, এ চক্র দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় চুরি, দস্যুতা ও ডাকাতি চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আরও তথ্য উদঘাটন এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

ইএইচ