জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, “আমরা জোর করে নয়, জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন চাই। এবার আর দিনে ভোট, রাতে গণনা হবে না। আমার ভোট আমি নিজেই দেব। ২০১৮ সালে প্রার্থী থাকাকালে ভোটকেন্দ্রে গিয়ে দেখেছি আমার ভোট আগে থেকেই দেওয়া হয়েছিল। সেই সুযোগ আর দেওয়া হবে না।”
বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ফুটবল মাঠে উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা আব্বাস আরও বলেন, “আজকের বিপুল মহিলা সমাবেশ প্রমাণ করে আগামী জাতীয় নির্বাচনে নারী ভোটাররা বিএনপির পক্ষেই রায় দেবেন। নারীর অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক এমপি ও খুলনা বিভাগীয় টিম লিডার নেওয়াজ হালিমা আর্লি, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক ছালেকা হক কেয়া, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান।
ইএইচ