জুলাই অভ্যুত্থান স্মরণে পদ্মা সেতুতে দুই গ্রাফিতির উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৫:০৪ পিএম

জুলাই অভ্যুত্থানকে স্মরণে পদ্মা সেতুর দুইপাড়ের ম্যুরাল চত্বরে জুলাই বিপ্লব ও  জুলাই আত্মত্যাগ নামে দুই গ্রাফিতির উদ্বোধন করা হয়েছে। 

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও তারুণ্যের উৎসবের অংশ হিসেবে শনিবার দুপুর আড়াইটায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে জুলাই বিপ্লব ও পরে জাজিরা প্রান্তের ম্যুলারে জুলাই আত্মত্যাগের গ্রাফিতি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী । 

জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিল উল্লেখ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পদ্মা সেতুতে জুলাই গ্রাফিতির আয়োজন কেবল একটি উদ্‌বোধনী অনুষ্ঠান নয়। এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতি আমাদের মনে করিয়ে দিবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কীভাবে আত্মত্যাগে নজির স্থাপন করেছে। এই আন্দোলন জাতিকে নতুন দিশা দিয়েছিল। আমি বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ মানুষকে সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করবে।

 ভবিষৎয়ে ভিন্ন কোনো প্রেক্ষাপটে মুছে ফেলার প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই গ্রাফিতির যারা বিরুদ্ধে তারা কোনো দিশ ফিরতে পারবে না। এটা যদি কারো ভিতরে থাকে তারা আবার আসবে,  এটা আপনারা মাথা থেকে জেড়ে ফেলুন।

অনুষ্ঠানে রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহাসিনা বেগম, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক  সহ বিভিন্ন মন্ত্রণালয়, জেলা ও পুলিশ পুলিশ প্রশাসনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  কর্মসূচিতে জুলাই গণঅভ্যুথানে হতাহতদের জন্য দোয়া মোনাজাত করা হয়।

জেএইচআর