মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলীর জনসভা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ১১:৩৬ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে মধুপুর উপজেলার গোলাবাড়ীতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে গোলাবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা হয়।

 দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে আসতে থাকেন। বিকেলের মধ্যেই সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয় এবং ওয়ার্ড পর্যায়ে আয়োজিত জনসভাগুলোর মধ্যে এটি রেকর্ডসংখ্যক মানুষের সমাগম ঘটায়।

সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ আলী। 

তিনি বলেন, “মধুপুর-ধনবাড়ী আসনের সাধারণ মানুষ স্থানীয় কাউকে এমপি হিসেবে দেখতে চায়। জেল-জুলুম, মামলা-হামলার মধ্যেও আমি সবসময় জনগণের পাশে থেকেছি। দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব, ইনশাআল্লাহ। সেই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।”

গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান লিটনের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিনজুর রহমান নান্নু।

এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্বাস আলী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র আহ্বায়ক সরকার মনি, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান আব্দুল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শ্রাবণ হাবিব, জেলা ছাত্রদলের সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহেল রানা মাসুম প্রমুখ।

সভায় উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ