মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল এলাকায় সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষক ও স্থানীয় জনতা।
সোমবার বিকেলে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় বিএনপি নেতারা।
এ সময় বক্তব্য রাখেন- ভুক্তভোগী কৃষক মজিবুর রহমান, শামসুল আলম, দোলোয়ার হোসেন, সায়েস্তা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শরিফ মৃধা, জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাজহারুল ইসলাম পায়েল, সায়েস্তা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রোমান মৃধা, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ কিনু ও সদস্য দীন ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, কালীগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত নলবৈনার খালটি স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি দখল করে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। খাল ভরাট হওয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে পড়েছে। ফলে শতাধিক একর কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং স্থানীয় কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। বক্তারা দ্রুত সরকারি খালটি দখলমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ইএইচ