জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানাতে পটুয়াখালীতে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩টায় শহীদ মিনার চত্বর (ঝাউতলা) প্রাঙ্গণে এ জনসভার আয়োজন করা হয়।
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশক্রমে সারাদেশে (২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর) পর্যন্ত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিকভাবে জনসভা ও র্যালির আয়োজন চলছে।
এরই ধারাবাহিকতায় পটুয়াখালী সদর উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মো. আব্দুল রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক, বাস্তুহারা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ জাকের পার্টি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- মো. মিজানুর রহমান বাবুল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সহ-সভাপতি জাকের পার্টি পটুয়াখালী জেলা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা আবু সাইদ আনসারী, সভাপতি, ওলামা ফ্রন্ট জাকের পার্টি পটুয়াখালী জেলা এবং পটুয়াখালী জেলার সকল সহযোগী সংগঠনের সভাপতিরা।
সভায় সভাপতিত্ব করছেন মো. ফারুক আহমেদ, সহ-সভাপতি (বরিশাল বিভাগ) ও সভাপতি জাকের পার্টি পটুয়াখালী জেলা।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিরতা, বিভাজন ও সহিংসতা জাতীয় উন্নয়নকে ব্যাহত করছে। শান্তি ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। তাই ইসলামের শিক্ষা, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ ও এহসানের আলোকে সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তারা আরও বলেন, জাকের পার্টি সবসময় জনগণের পাশে থেকে সত্য, ন্যায় ও মানবতার রাজনীতি করে আসছে। এ কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে শান্তি, সহনশীলতা ও ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া হবে।
জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ বজায় রাখা এবং জনগণকে ইসলাম, ঈমান ও এহসানের আলোকে ঐক্যবদ্ধ করা।
ইএইচ