পত্নীতলা সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৩

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০২:৪০ পিএম

নওগাঁর পত্নীতলা সীমান্তে ভারতীয় মাদকদ্রব্যসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার নির্মইল ইউনিয়নের ঘোলাদিঘী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, রাধানগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আবু তাহেরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৩/২২-আর থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ঘোলাদিঘী এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ গ্রাম হেরোইন, ১৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোনসহ তিনজন মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—পত্নীতলা উপজেলার ঘোলাদিঘী গ্রামের মৃত মোয়াজ্জেম আলীর ছেলে ইয়াছিন আলী (৪৬) ও তাঁর ছেলে শহিদ হাসান (২২) এবং চক সনাতন দিঘীপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে সৌমিক হাসান (২৮)।

পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইকবাল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্তে মাদকদ্রব্য ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।”

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. এনায়েতুর রহমান বলেন, “বিজিবির অভিযানে আটক তিন মাদক কারবারিকে বৃহস্পতিবার সকালে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ইএইচ