জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভবিষ্যতে বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না।
তিনি দাবি করেন, এই দলগুলোকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচার করা উচিত।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “আইনগত বাধা না থাকার পরও কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতিক দেয়ার সাহস নির্বাচন কমিশনের নেই। এটি তাদের ব্যর্থতা, তারা এতটুকু সাহসও দেখাতে পারছে না।”
তিনি আরও বলেন, “অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। এটি না হওয়ায় সীমাবদ্ধতার দায় সরকারকেই স্বীকার করতে হবে। নিউ ইয়র্ক সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়া অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ করে, যা এখন দেশজুড়ে প্রতিফলিত হচ্ছে।”
সারজিস আলম উল্লেখ করেন, অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণঅধিকার পরিষদ ও এনসিপি একসঙ্গে কাজ করছে। তিনি বলেন, “মানুষ চায় এই দুটি দল একসঙ্গে থাকুক। এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।”
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস এবং মৌলভীবাজার জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফাহাদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ