আড়াইহাজারে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১২:২৮ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আগ্নেয়াস্ত্র বের করার পর স্থানীয় জনতার গণপিটুনিতে পুরস্কার ঘোষিত মাদক কারবারি সোহেল মিয়া (৩৫) নিহত হয়েছেন। তবে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন আরও কয়েকজন।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বালিয়াপাড়া এলাকায় আব্দুল আউয়াল মৌলভীর ছেলে সায়েম মিয়া ৮টি দোকানের ঘর তৈরি করছে। সোহেল প্রত্যেক দোকান থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে এর আগে গত ৭ সেপ্টেম্বর চাঁদা চাইতে গিয়ে এলাকাবাসী ধাওয়া করলে সোহেল ও তার সহযোগিরা পালিয়ে যান।

সকাল সাড়ে নয়টার দিকে সোহেল ও তার কয়েকজন সহযোগি নিয়ে সায়েমের বাড়িতে ফের চাঁদা চাইতে যান। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সোহেল কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করেন। পাশের কয়েকজন নারী এ দৃশ্য দেখে দ্রুত মসজিদের ইমামকে অবহিত করেন। মসজিদের ইমাম মাইকে ঘোষণা করেন যে সোহেল মেম্বার ফের চাঁদা চাইতে এসেছে। এ সংবাদে আশপাশের ৬০০-৭০০ জন লোক একত্রিত হয়ে তাকে ঘেরাও করে ফেলে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণপিটুনী দেয়। এতে সোহেল ঘটনাস্থলেই নিহত হন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে। সোহেল ও তার সহযোগিদের বিরুদ্ধে আড়াইহাজার থানাসহ বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজি, ডাকাতি ও মারামারি সহ ১০-১৫টি মামলা রয়েছে।

জেএইচআর