বিদ্যালয়ের জায়গায় সেচ পাম্প, অভিযোগে সরব এলাকাবাসী

ইয়ামিন হাসান, সাঘাটা প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৪:৩৮ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলার গাছাবাড়ী শিউজী প্রসাদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থাবর সম্পত্তিতে দখল নিয়ে স্থাপন করা হয়েছে একটি সেচ পাম্প। 

এ ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে পল্লী বিদ্যুতের বোনারপাড়া জোনাল অফিসে।

অভিযোগে জানা যায়, পাঠদান বিহীন বিদ্যালয়টির অবহেলা ও অধপতনের সুযোগ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের নামীয় জমিতে গড়ে উঠেছে এ সেচ পাম্প। বর্তমানে বিদ্যালয়টি একটি চাল ও খুঁটির উপর অস্থায়ী কাঠামোতে টিকে আছে। 

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের পাশের নিজ জমিতে প্রথমে সেচ পাম্প স্থাপন করেন মো. মোজাম্মেল হক নামে এক ব্যক্তি। পরবর্তীতে সেই পাম্প কিনে নেন আব্দুল মজিদ। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির যোগসাজশে ভাড়া আদায়ের মাধ্যমে গাছাবাড়ী মৌজার ৭১৮ নং দাগের প্রতিষ্ঠান নামীয় জমিতে এ পাম্প চালু রাখার সুযোগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে আব্দুল মজিদ জানান, তিনি বৈধভাবে পাম্পটি কিনে নিয়েছেন। এখন নিবন্ধন হলে অন্যত্র সরে যাবেন। 

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহাগ মিয়া প্রধান ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের জায়গায় কীভাবে সেচ পাম্প বসানো হলো তিনি তা জানেন না।

এ বিষয়ে জানতে চাইলে বোনারপাড়ার পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জালাল উদ্দিন জানান, সেচ পাম্পটির বোরিং পূর্বে অন্যত্র ছিল। অভিযোগ অনুসারে সেখান থেকে সরিয়ে বিদ্যালয়ের জায়গায় স্থাপন করাটা সম্পূর্ণ বেআইনি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহীশ শাফি বলেন, যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামীয় জায়গায় ব্যক্তিগত ব্যবসা বা স্থাপনা গড়ে ওঠা নিয়ম বহির্ভূত। বিষয়টি খতিয়ে দেখা হবে।

ইএইচ