ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় সভা

চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৭:৪২ পিএম

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, ক্যাব সাধারণ মানুষের অধিকার সুরক্ষায় নিরলসভাবে সংগ্রাম করছে। মানুষের বৈষম্য দূরীকরণে ২০২৪ সালে ৫ আগস্ট বিপুল পরিমাণ তরুণ ও সাধারণ মানুষ আত্মহুতি দিয়েছে। কিন্তু তাদের সেই আত্মহুতি এখনও পুরোপুরি সফল হয়নি। বৈষম্য ও নানা অনিয়ম এখনো বিদ্যমান। এই অনিয়ম দূরীকরণে ক্যাব যেভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন, সেভাবে সামাজিক সংগঠনগুলোও এগিয়ে আসতে হবে। এ সমস্ত সংগঠনগুলোকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও সমর্থন দেওয়া হবে। যদি আইনগতভাবে কিছু করা প্রয়োজন হয়, সেটাও করা হবে। 

সোমবার নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগে ক্যাবের ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ে ক্যাব নেতৃবৃন্দের বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব এএইচ এম সফিকুজ্জমান। 

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কামরুজ্জমান। 

আলোচনায় অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ফয়েজ উল্যাহ, জেলা নিরাপদ খাদ্য অফিসার ফারহান ইসলাম, বিএসটিআইয়ের সহকারী পরিচালক রিগ্যান বৈদ্য, কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মাহবুবুল হাসান।

ক্যাব বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ক্যাব নোয়াখালীর সাধারণ সম্পাদক রুমানা ইসলাম, ক্যাব কুমিল্লার সাধারণ সম্পাদক কাজী মাসুদ, ক্যাব বিবাড়ীয়ার সাধারণ সম্পাদক সৈয়দ শাহীন মুহাম্মদ, ক্যাব রাঙ্গামাটির সাধারণ সম্পাদক রানা মহসিন, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি রাব্বি তৌহিদ, কর্নফুলী উপজেলা সাধারণ সম্পাদক সিদরাতুল মনুতাহা, ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, যুগ্ন সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর, বনফুলের জিএম আনামুল হক, ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল আবদুল্লাহ আদনান, সমাজকর্মী জুলকার নায়েন, ব্যবসায়ী আলমগীর কবির, ক্যাব নেতা জান্নাতুল ফেরদৌস, জানে আলম, শাহীন চৌধুরী, যুব ক্যাব সদস্য নাফিসা নবী, পুলক চন্দ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন বলেন, আগামি প্রজন্মের জন্য সুন্দর ও মর্যাদাপূর্ণ সমাজ রেখে যেতে হলে আমাদের সকলকে ক্যাবের আন্দোলনকে জোরদার করতে হবে। সরকারে যে কোনো মন্দ কাজের সমালোচনা করে সঠিক পথে আনা ও ভালো কাজের সাথে সমর্থন দিয়ে সুন্দর পৃথিবী রচনায় সকলকে একযোগে কাজ করার বিকল্প নেই।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সচিব সফিকুজ্জমান বলেন, সরকারের বিভিন্ন বিভাগের কাজের নানা ত্রুটি, বিচ্যুতি ও সীমাবদ্ধতাকে উত্তরণের জন্য ক্যাব-এর মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার বিকল্প নেই। সরকারি দপ্তরগুলোর অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। আবার সরকারের সম্পদেরও সীমাবদ্ধতা আছে। সেক্ষেত্রে জনগণের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসেবে ক্যাব সেখানে সরকারের সকল প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সুরক্ষায় সহযোগিতা প্রদান করে এবং সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করতে বদ্ধপরিকর। সেকারণেই দীর্ঘ ৩১ বছর সরকারি চাকুরী করে জনগণের এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে জনগণের জন্য আরও বেশি কাজ করতে তিনি এখানে যুক্ত হয়েছেন।

সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধি, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার প্রতিনিধিসহ ১৫০ জন অংশ নেন।

ইএইচ