রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলাতে নৌকাডুবির ঘটনায় দুই কলেজ পড়ুয়া ছাত্র নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে প্রবল বাতাসে কাপ্তাই লেকের শাখা চেঙ্গী নদীতে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শনখোলাপাড়া থেকে ৬ জন পাহাড়ি কলেজ ছাত্র শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান উপভোগ করতে নানিয়ারচর বাজারের জগন্নাথ মন্দিরে আসেন। পূজা শেষে রাত আনুমানিক তারা নৌকাযোগে শনখোলাপাড়া ফেরার পথে মহাজনপাড়া এলাকায় তীব্র বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
এ সময় ৪ জন ছাত্র সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও দু’জন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজরা হলেন, ডিলিশন চাকমা (১৮) ও জিগেশ দেওয়ান (১৮)।
নানিয়ারচর থানার ওসি নাজির আলম জানায়, আমরা ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে যাই এবং পুলিশি কার্যক্রম অব্যাহত আছে।
সাবেক্ষং ইউনিয়নের চেয়ারম্যান সুপম চাকমা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে পরিবার ও স্থানীয় লোকজন নিখোঁজ ছাত্রদের উদ্ধারে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন।
ইএইচ