পূজামণ্ডপ জোন অধিনায়কের অনুদান প্রদান

দীঘিনালা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০১:১২ পিএম

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শন ও অনুদান প্রদান করেছেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক (পিএসসি)।

বুধবার রাতে “০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট”-এর এই জোন অধিনায়ক শ্রী শ্রী নারায়ণ মন্দির, শ্রী শ্রী পোমংপাড়া বিষ্ণু মন্দির এবং শ্রী শ্রী সনাতন শিব মন্দির পূজামণ্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন। এর আগে গত রোববার নয়মাইল এলাকার পূজামণ্ডপেও তিনি অনুদান প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

শুভেচ্ছা বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক বলেন,“দীঘিনালার নয়টি মন্দিরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে। পাশাপাশি পুলিশ, আনসার, ভিডিপি ও উপজেলা প্রশাসনও সমন্বিতভাবে কাজ করছে। আশা করি, আগামীকাল দশমীর মাধ্যমে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব শেষ হবে। সেনাবাহিনী সবসময় মানুষের পাশে থেকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে।”

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিঠু চৌধুরী কৃতজ্ঞতা জানিয়ে বলেন,“সব বাহিনীর সহযোগিতায় আমরা শুক্রবার বিকেল ৩টায় দশমী উদযাপনের মধ্য দিয়ে পূজা সফলভাবে শেষ করতে যাচ্ছি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। আগামীতেও একই সহযোগিতা আশা করছি।”

এ সময় উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেহেদী হাসান সহ অন্যান্য সেনা কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ইএইচ