সন্দ্বীপে নৌবাহিনীর নিরাপত্তায় পূজামণ্ডপে শান্তিপূর্ণ প্রতিমা বিসর্জন

সন্দ্বীপ (চট্টগ্রামের) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৪:৩৬ পিএম

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে নৌবাহিনীর তৎপর উপস্থিতিতে ৩০টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার সকালে একযোগে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

সকাল ১১টা থেকে উপজেলার সকল মণ্ডপে একসাথে বিসর্জন শুরু হয়। মূল ভূখণ্ড ছাড়াও বিচ্ছিন্ন ইউনিয়ন উড়ির চরের পূজামণ্ডপগুলোতেও একই সময় বিসর্জন অনুষ্ঠিত হয়।

উৎসব উপলক্ষে ভোর থেকেই নৌবাহিনীর সদস্যরা বিভিন্ন পূজামণ্ডপে অবস্থান নেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করেন। গত চারদিন ধরে একটি মোবাইল টিম উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা পর্যবেক্ষণ ও সমন্বয়ের কাজ করে।

উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। প্রতিটি মণ্ডপে নিয়োজিত ছিলেন দু’জন পুলিশ ও পাঁচজন আনসার সদস্য। শেষ দিনের অতিরিক্ত ভিড় সামাল দিতে মাঠে ছিল নৌবাহিনীর সদস্যরাও।

মাইটভাঙ্গা ওয়ার্ডের এক বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত থেকে সন্দ্বীপ কন্টিনজেন্ট কমান্ডার এস কে মাহমুদ হাসান (জি), বিএন, সাংবাদিকদের বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নৌবাহিনী বিগত চার দিন ধরে পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করেছে। আজকের বিসর্জনে অতিরিক্ত ভিড় থাকায় আমাদের সদস্যরা সরাসরি দায়িত্ব পালন করেছেন।

পূজার এই উৎসবে শুধু হিন্দু সম্প্রদায় নয়, অন্যান্য ধর্মাবলম্বীরাও অংশগ্রহণ করেন। তারা মণ্ডপ পরিদর্শন ও উৎসবে অংশগ্রহণ করে ধর্মীয় সম্প্রীতির নজির স্থাপন করেছেন।

বিসর্জন শেষে মণ্ডপ এলাকা ত্যাগ করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পূজা উদ্‌যাপন শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়।

জেএইচআর